রোজদিন ডেস্ক, কলকাতা:- বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন।উত্তরবঙ্গে সংগঠনকে আরও মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরের গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না এই বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক। সতর্ক করেছেন, প্রয়োজনে সাসপেন্ড করা হবে নেতাদের।
মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর, বুধবার ক্যামাক স্ট্রিটে জলপাইগুড়ি ও মালদহ জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নিয়ে জোর দেন তিনি। বলেন, “মানুষের কাছে যান। মানুষের পাশে থাকুন। সমাজের সব স্তরের মানুষের কথা শুনুন।”
সূত্রের খবর, বৈঠকে মালদহের নেতাদের উদ্দেশ্যে সবথেকে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “কে কোথায় কী করছেন, সব নজরে রাখা হচ্ছে। গণ্ডগোল করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, মানিকচক বিধানসভার গোপালপুরে যারা অশান্তি সৃষ্টি করেছেন, তাঁদের সাসপেন্ড করা হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনও মন্তব্য বা পদক্ষেপ না করতে নেতাদের সতর্ক করেন তিনি।

Be the first to comment