রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ ঘাটালে বন্যাদুর্গতদের নিয়ে প্রতিবাদ মিছিলের পর এসডিও অফিসের কাছে পথসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
সেখানে তিনি বলেন, ‘৩৪ বছরে সিপিএম এটা করেনি, ১৪ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। আমি কথা দিচ্ছি ছাব্বিশের নির্বাচনে জয়ী হলে ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি কার্যকর করবে।’ এমনকী কেলেঘাই-কপালেশ্বরী সংস্কার নিয়েও মুখ্যমন্ত্রী ‘মিথ্যাচার’ করেছেন বলে অভিযোগ শুভেন্দুর। বিরোধী দলনেতা বলেন, ‘কেলেঘাই-কপালেশ্বরী-ক্ষীরাই-চন্ডীয়া খালের সংস্কার ২০১০ সালে শুরু হয়েছিল। বাম আমলে। কেন্দ্রের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়।… শিশির অধিকারী উদ্যোগ নিয়েছিলেন আর প্রণব মুখোপাধ্যায় টাকা দিয়েছিলেন।’
এ দিনের সভা থেকে ঘাটালে বিজেপির তরফে পৃথক ত্রাণ শিবির করা হবে বলে ঘোষণা করা হয়। বিরোধী দলনেতা জানান, আগামী ১৪, ১৫ ও ১৬ অগস্ট তিন দিন ধরে ঘাটালে বিজেপি ত্রাণ শিবির হবে। ১৫ই আগস্ট তিনি নিজে আসবেন বলেও জানিয়েছেন।”
এদিন শুভেন্দু বলেন, ‘১৫ আগস্ট একটা ডিঙি, নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো। প্লাবিত এলাকায় গিয়ে জাতীয় পতাকা তুলব। আপনাদের খাওয়াব। আমিও আপনাদের সঙ্গে খাব। আপনারা শুধু কথা দিন, ছাব্বিশের ভোটে এই সরকারকে বিসর্জন দিতে হবে।’ যদিও ঘাটালে এ সব কর্মসূচি আদৌ রাজনৈতিকভাবে বিজেপিকে সাহায্য করবে না বলে পাল্টা দাবি তৃণমূলের।
প্রসঙ্গত, সাংসদ দেবকে পাশে নিয়ে গত মঙ্গলবারই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আর্থিক সাহায্য না দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment