রোজদিন ডেস্ক,কলকাতা:- লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার। দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিকেন ডেরেক ও’ব্রায়েন। ভার্চুয়াল নয়, এবার সশরীরে মুখোমুখি রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে দেখা গেল সোনিয়া গান্ধীকেও।

আজ, বৃহস্পতিবারই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে সকালেই দিল্লিতে উড়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবার সময় বিমানবন্দর থেকে চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রীকে নিশানা করেন অভিষেক। এদিন বিমানবন্দরে অভিষেক বলেন, “ভারতকে যারা ছোট করতে চায়, হঠাৎ তাদের এত ক্ষমতা হল কী করে? যাঁরা ৫৬ ইঞ্চি ছাতির কথা বলতেন, তাঁরা ক্ষমতায় থাকাকালীনই চিন, আমেরিকার মতো দেশ ভারতকে বুড়ো আঙুল, রক্তচক্ষু দেখায় কী করে? বাইরে এতকিছু বলতে চাই না আমি। কিন্তু সর্বদলীয় প্রতিনিধি হয়ে পাঁচটি দেশে গিয়েছিলাম আমি। আসিয়ানের ১১টি দেশ, যার মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওসের মতো দেশ রয়েছে, পহেলগাঁও নিয়ে পাকিস্তানের নিন্দা করে তারা কেউ বিবৃতি দেয়নি। এই ব্যর্থতা কার?”
আক্ষেপের সুরে এদিন অভিষেক বলেন, “শুল্ক নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত নয়। ট্রাম্পের সঙ্গে যাঁদের ছবি রয়েছে, তাঁদের প্রশ্ন করুন। যাঁদের হয়ে এখানে প্রচার করতে এসেছিলেন ট্রাম্প, ২০১৯ সালে যাঁরা ট্রাম্পের হয়ে আমেরিকার টেক্সাসে প্রচার করতে গিয়েছিলেন, কেন ৫০ শতাংশ শুল্ক চাপল, তাঁদের জিজ্ঞাসা করুন।’
লোকসভা ভোটের পর এটা ইন্ডিয়া জোটের দ্বিতীয় বৈঠক। এর আগে, ১৮ জুলাই ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেই বৈঠকেও তৃণমূলের তরফে যোগ দিয়েছিলেন অভিষেকই।
অন্যদিকে আজ মোদীকে একই ভাষায় আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘এক্সিট পোল, ওপেনিয়ান পোল অন্য কিছু দেখায়, যেমনটি হরিয়ানা এবং মধ্যপ্রদেশের নির্বাচনে দেখা গিয়েছিল, তারপর হঠাৎ করে ফলাফল অন্য কিছুতে পরিণত হয়। এতে বিশাল পার্থক্য দেখা গেছে। আমাদের সার্ভেও খুব শক্তিশালী, তবে এর ফলাফলও ভিন্ন দেখায়। সার্ভেতে যা দেখা যায়, ফলাফল তার বিপরীতে বেরিয়ে আসে।’
রাহুল বলেন, ‘আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন ছিল না, তবুও পুরো দেশ এক দিনে ভোট দিত। এখন ভোট মাসের পর মাস চলে। কেন আলাদা আলাদা দিনে ভোট দেওয়া হয়?’ রাহুল বলেন, ‘গণতন্ত্রে প্রতিটি দলকেই সরকারের বিরোধিতার মুখোমুখি হতে হয়, কিন্তু আমি জানি না কেন এটি বিজেপিকে প্রভাবিত করে না এবং এটিই একমাত্র দল।’

Be the first to comment