কৃষ্ণনগরে টোটো–বাস ড্রাইভার সংঘর্ষে উত্তেজনা, বন্ধ রইল বাস পরিষেবা

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর:
সোমবার দুপুরে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, কয়েকজন টোটোচালক সরাসরি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে বাস ড্রাইভার ও কন্ডাক্টরদের উপর চড়াও হন। বেধড়ক মারধরে আতঙ্ক ছড়ায় চারপাশে। হঠাৎ এই পরিস্থিতিতে যাত্রীরা দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান
মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাস কর্মীরা। বাস ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় “দীর্ঘদিন ধরে টোটোচালকরা নিয়ম ভেঙে বাসস্ট্যান্ডে যাত্রী তুলছে। আজকের ঘটনায় আমাদের সহকর্মীরা মার খেয়েছেন। প্রশাসন ব্যবস্থা না নিলে পরিষেবা শুরু করা হবে না।”
ফলে সকাল থেকে কৃষ্ণনগর শহর ও জেলার একাধিক রুটে একটিও বাস রাস্তায় নামেনি।
পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে। স্কুল–কলেজ পড়ুয়া, অফিসযাত্রী সবাই পড়েন সমস্যায়। অনেকেই বাধ্য হয়ে টোটো ও অটোতে যাতায়াত করেন। তবে অভিযোগ, এদিন বাড়তি ভাড়া দিতে হয়েছে তাঁদের।
টোটোচালকদের পাল্টা দাবি“বাসকর্মীরাই আমাদের উপর হামলা চালান। যাত্রীরা আমাদের কাছে চড়তে চাইলে আমরা কী করব? বরং আমাদের গাড়ি আটকানো হয়।”
তাঁদের মতে, গোলমালের সূত্রপাত বাস ড্রাইভারদের আচরণ থেকেই।ঘটনার পর কৃষ্ণনগর কোতয়ালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্থানীয়দের দাবি, যাত্রী তোলার জন্য টোটো ও বাসের আলাদা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা দরকার। নইলে প্রতিদিনই একই সমস্যা তৈরি হবে।
বাস ইউনিয়নের হুঁশিয়ারি, দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ ও সুরক্ষার আশ্বাস না পাওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার হবে না। তাই আপাতত পরিষেবা কবে স্বাভাবিক হবে, সেদিকেই তাকিয়ে যাত্রী–নির্ভর কৃষ্ণনগরবাসী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*