বিএলও সঙ্কট মেটাতে বিকল্প নিয়মে নিয়োগের অনুমতির অপেক্ষায় রাজ্যের ৫ জেলা

Spread the love

রোজদিন ডেস্ক : স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া, সুষ্ঠু ভাবে চালানোর জন্য রাজ্যের ৫টি জেলায় তীব্র বুথ লেভেল অফিসার বা বিএলও সঙ্কট দেখা দিয়েছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় প্রায় ১,৬০০ পদ এখনও শূন্য।

ফলে জেলা নির্বাচন আধিকারিকরা বিকল্প নিয়মে নিয়োগের অনুমতি চাইতে বাধ্য হয়েছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যেই এই পরিস্থিতি নির্বাচন কমিশনের নজরে এনেছে।

কমিশনের নিয়ম বলছে, প্রথম তিন ধাপে বুথস্তরে সরকারি কর্মচারি, অঙ্গনওয়াড়ি কর্মী বা চুক্তিবদ্ধ শিক্ষক নিয়োগ করা যায়। কিন্তু সেই পথেও সমস্যার সমাধান না হওয়ায় এখন বিকল্প ব্যবস্থা হিসেবে চতুর্থ নিয়ম প্রয়োগ করতে চাইছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। এর আওতায় কেন্দ্রীয় বা রাজ্য সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা থেকে ডেপুটেশনে আসা কর্মচারিদের বিএলও করা যাবে। তবে এর জন্য কমিশনের অনুমোদন বাধ্যতামূলক।

উত্তর কলকাতা জেলায় প্রায় ৫০০ শূন্যপদ মিটলেও বাকি চার জেলায় এখনও প্রায় ১,১০০ পদ খালি রয়েছে। কমিশন ইতিমধ্যেই ২৪টি জেলার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। প্রথম তিন ক্যাটাগরিতে কতজন নিয়োগ হয়েছে এবং চতুর্থ ক্যাটাগরিতে আরও কতজন প্রয়োজন। সেই রিপোর্ট দিল্লিতেও পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই বিকল্প নিয়মে নিয়োগ শুরু হবে। এসআইআর প্রক্রিয়ায় গতি আনতে অবিলম্বে শূন্যপদ পূরণ করা না গেলে নির্বাচনী প্রস্তুতিতে সমস্যার মুখে পড়তে পারে রাজ্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*