রোজদিন ডেস্ক : ভারতের সঙ্গে তাদের সমস্যা আছে বলে স্বীকার করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ভারতকে ঈষৎ কটাক্ষের সুরে তিনি বলেন, ওরা পড়ুয়াদের বিপ্লবকে ভাল চোখে দেখেনি। এমনকি এই সমস্যা তৈরি করা হাসিনাকে তারা আশ্রয়ও দিচ্ছে। এই জন্য উভয় দেশের মধ্যে উত্তেজনা আছে। এমনকি ভারত থেকে অনেক ভূয়ো খবর ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। দাবি করা হচ্ছে, বাংলাদেশে ইসলামপন্থী আন্দোলন হয়েছে।
ভারতকে এত কিছু বলেও এই দেশের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন-এ তিনি গুরুত্ব দেন। বলেন, বাংলাদেশের অর্থনীতি তাদের সীমান্তের মধ্যেই আবদ্ধ। কেন তাঁরা প্রতিবেশীদের দিকে তাকাবেন না?? নেপাল, ভুটান, ভারতের উত্তর পুর্বাঞ্চলের সাত রাজ্যর (সেভেন সিস্টার্স) উল্লেখ করে ইউনুস বলেন, ওদের কাছে সমুদ্রে যাওয়ার কোন রাস্তা নেই। ল্যান্ডলকড এলাকা। বাংলাদেশের বঙ্গোপসাগর আছে। তাকে সবাই ভাগ করে নিলে বাকি বিশ্বের সঙ্গে সংযোগ করা যাবে। এর ফলে সব পক্ষই লাভবান হবে। এটা হলে পারস্পরিক বিনিয়োগ সম্ভাবনা ও বাড়বে।
সার্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখন কার্যত তা নিষ্ক্রিয়। তা সক্রিয় না হলে তাঁরা (ভারত সহ!) মিনি সার্কও গঠন করে বাণিজ্যিক চুক্তি করতে পারেন। সেখানে রাজনীতি আনার দরকার নেই বলে মন্তব্য করেন।
সম্প্রতি ভারতে অনুপ্রবেশ নিয়ে কঠোর নজরদারি চলছে। এই আবহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন, তিনি চান সার্ক পুনরুজ্জীবিত হোক। ইউরোপীয় ইউনিয়নের ধাঁচে তা গঠন করা হয়েছিল। তবে এক প্রতিবেশীর তা ভাল না লাগায় সার্ক মৃত সংগঠনে পরিণত হয়েছে বলে জানান। নাম না করলেও ভারতকেই তিনি নিশানা করেছেন বলে তথ্যভিজ্ঞ মহল মনে করেন। সার্ক-এর ভাবনা খুবই ভাল ছিল বলে জানান।

Be the first to comment