প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক :  প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে জামিনের শর্ত হিসেবে তাঁকে নিজের পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে। মামলার তদন্তকারীদের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে। নিম্ন আদালতের নির্দিষ্ট এলাকা ছাড়তে পারবে না। জামিন মঞ্জুর করে এমনই  নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে নিম্ন আদালতে ফোন নম্বরও জমা দিতে হবে।

এছাড়াও আরও কিছু শর্ত দিয়েছে আদালত। জামিনে থাকাকালীন তিনি কোনও পাবলিক অফিসের দায়িত্ব নিতে পারবেন না। এদিনের জামিনের ফলে নিয়োগ দুর্নীতির সংক্রান্ত সব মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, এমনই দাবি করেছেন তাঁর আইনজীবীরা। তবে আজকের নির্দেশের পর তাঁর এখুনই জেলমুক্তি হচ্ছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিলেও বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ১৮  আগস্টের রায়ে সুপ্রিম কোর্ট জানায় যে, এক মাসের মধ্যে চার্জগঠন এবং দু’মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। তারপরেই জেলমুক্তি ঘটবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ফলে তাঁর জেলমুক্তির দিন নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*