রোজদিন ডেস্ক : উত্তরবঙ্গের বন্যা। প্রাকৃতিক দূর্যোগে বিপন্ন মানুষ। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে এসব নিয়ে রাজনীতি করছেন বাংলার রাজ্যপাল। তিনি রাষ্ট্রপতির কাছে চলে যাচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়কে রাজনীতির হাতিয়ার করতে চাইছেন। এই ভাষাতেই তাকে পালটা দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যপালকে নিশানা করে বলেন, বিজেপির এজেন্টের ভূমিকায় নেমেছেন রাজ্যপাল। তিনি নোংরা রাজনীতি করছেন। তাঁর দিল্লি সফর নিয়েও প্রশ্ন তুলে কল্যাণ বলেন, রাজ্যে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি, অথচ দুর্গতদের পাশে দাঁড়ানোর বদলে রাজ্যপাল চলে গেলেন রাষ্ট্রপতির কাছে। ওনার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত। রাষ্ট্রপতির কাছে নয়, তাঁর উত্তরবঙ্গের গ্রামে গ্রামে ঘোরা উচিত ছিল। তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বন্যাকে হাতিয়ার করে রাজ্য প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি নবান্নের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন। রাজ্যপালের এই পদক্ষেপকে ‘চক্রান্তমূলক’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তোপ দেগেছে তৃণমূল। দলের বক্তব্য, রাজ্যপাল নিজের পদমর্যাদা ভুলে বিজেপির পক্ষে মাঠে নেমেছেন।দুর্গতদের সমস্যা মেটানোর বদলে রাজনীতির স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করছেন। বন্যা বিপর্যয়ে যখন প্রশাসন উদ্ধারকাজ ও ত্রাণে ব্যস্ত, তখন রাজ্যপালের ভূমিকা কোনওভাবেই কাম্য নয়।

Be the first to comment