রোজদিন ডেস্ক : গত দু-দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের বকুলতলায় শরত উৎসব করেন তাঁরা। প্রকৃতির গান সহ বিভিন্ন অনুষ্ঠানে ভরে ওঠে ওই অঞ্চল। এবার আচমকাই ছেদ পড়ল সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পর্ষদের নির্দেশে স্থগিত হয়েছে এই আনন্দ অনুষ্ঠান। যা নিয়ে ক্ষুব্ধ অনুষ্ঠানের আয়োজক সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। এরপর তাঁরা এই অনুষ্ঠান পুরোনো ঢাকার গন্ডারিয়ায় কচি কাঁচার মেলা বিদ্যালয়ে করার সিদ্ধান্ত নেন। সেখানেও পুলিশ তাঁদের অনুমতি দিতে অস্বীকার করে। আয়োজক কমিটিকে ফ্যাসিবাদী তকমা দেয়। ক্ষুব্ধ আয়োজকরা সংক্ষিপ্ত ভাবে তা পালন করেন। সংস্থার কর্মকর্তাদের বক্তব্য, গত দু-দশক ধরে তাঁরা এই অনুষ্ঠান করছেন। প্রতি বছর বিভিন্ন ঋতুতে তাঁরা তা করেন। প্রকৃতি বন্দনায় ফ্যাসিবাদ, আওয়ামী লিগ, বিএনপি-র প্রসঙ্গ আসছে কি করে!
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পর্ষদও এই ঘটনায় বিড়ম্বিত। তাঁদের বক্তব্য, প্রথমে এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল, পরে বিভিন্ন মহল থেকে আপত্তি আসায় তা স্থগিত রাখা হয়। এই অনুষ্ঠান আবার করা যায় কিনা সেই বিষয়ে আজ তাঁরা বৈঠক করবেন বলে জানা যায়। অন্যদিকে গান্ডেরিয়ার পুলিশ ও উদ্যোক্তাদের জানায়, জনৈক সাংবাদিক একে ফ্যাসিবাদী বলে আপত্তি জানালে তাঁরা অনুমতি দিতে অস্বীকার করেন।
সূত্রের খবর, এই অনুষ্ঠানের খবর প্রচারিত হওয়ার পর সমাজ মাধ্যমে বিভিন্ন ভাবে বিষোদগার শুরু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উদ্যোক্তাদের অনেকের ছবি পোস্ট করে ধিক্কার জানানো হয়।
এই বিষয়ে উদ্যোক্তাদের অভিমত, তাঁরা কোন রাজনৈতিক দলে যুক্ত না, আসলে এত বছর ধরে চলে আসা এই সুন্দর জনপ্রিয় অনুষ্ঠানের কর্তৃত্ব ছিনতাই করার জন্যই এই সব রটনা করা হয়েছে।

Be the first to comment