রোজদিন ডেস্ক : রাজ্য সরকারি কর্মীদের বিদেশ সফর নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। ব্যক্তিগত উদ্যোগেই হোক বা সরকারি ভ্রমণ ভাতা (LTC) সব ক্ষেত্রেই কর্মীদের আগে সরকারকে জানাতে হবে। সরকারের অনুমতি ছাড়া আগেই বিদেশে ভ্রমণের টিকিট কাটা, হোটেল বুকিং ইত্যাদি চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ স্বাক্ষরিত এই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমতি ছাড়া কর্মীরা আগেই বিদেশ সফরের প্রস্তুতি নিতে পারবেন না। তা প্রশাসনিক শৃঙ্খলাভঙ্গের সামিল, সরকারি নীতির পরিপন্থীও।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি কর্মীদের বিদেশ যাত্রায় উৎসাহিত করে জানিয়েছিলেন, সরকারি LTC নিয়ে তাঁরা থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশে যেতেই পারেন। নির্ভরযোগ্য সূত্রের খবর, সরকারি কর্মীদের বিদেশ যাত্রার বহরে এখন সরকারের কপালে ভাঁজ পড়ছে। খরচও বাড়ছে। এই সব প্রেক্ষিতে কর্মীদের আগে সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছে নবান্ন।
নিয়ম অনুযায়ী বিদেশ যাত্রার চার সপ্তাহ আগে সরকারকে জানাতে হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে কর্মীরা আগেই সব ব্যবস্থা করে সরকারকে জানাচ্ছেন। যা নিয়ে ক্ষুব্ধ সরকার। অনেক ক্ষেত্রে আয়ের সঙ্গে সঙ্গতি না রেখে ব্যয়বহুল বিদেশ সফরও হচ্ছে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্য নিজের খরচে সপরিবারে সারা পৃথিবী ভ্রমণ করার অভিযোগ উঠেছিল। এতে রীতিমত বিড়ম্বনায় পড়ে রাজ্য সরকার।
বিদেশ সফর নিয়ে মুখ্যসচিব এর কড়া বার্তায় কর্মীরা সতর্ক হবেন বলে প্রশাসনের আশা।

Be the first to comment