নতুন সরকার হবে বিহারে, ভোট দিয়ে বললেন তেজস্বী যাদব

Spread the love

রোজদিন ডেস্ক : ১৪ নভেম্বর বিহারে নতুন সরকার তৈরি হবে। পাটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট দিয়ে বেরিয়ে জানান, তিনি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর জয়ের বিষয়ে আশাবাদী। আগামী ১৪ নভেম্বর নতুন সরকার তৈরি হবে বলেও দাবি করেন বিহারের বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এদিকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কোনও জায়গায় এক ঘণ্টা আগে, বিকেল ৫ টাতেই ভোটগ্রহণ শেষ হবে। কমিশনের তথ্য বলছে, সকাল ৯টা পর্যন্ত ১৩.১৩ শতাংশ ভোট পড়েছে বিহারে। ১৮টি জেলার মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে সহরসা জেলায় ১৫.২৭ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে লখীসরাই জেলায় মাত্র ৭ শতাংশ। প্রথম দফার ভোটগ্রহণ শুরু হওয়ার পরেই ভোটারদের পূর্ণ উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে হিন্দি একটি পোস্ট তিনি লেখেন, গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন। ওই পোস্টেই বিহারের প্রথম বারের ভোটার যাঁরা, তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*