রোজদিন ডেস্ক : প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ফের শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ প্রকল্প। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শিগগিরই প্রকল্পের প্রক্রিয়াও শুরু হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ৩১ অক্টোবর পর্যন্ত জবকার্ড হোল্ডারদের তথ্য যাচাই ও ই-কেওয়াইসি আপডেটের নির্দেশ দিয়েছিল। কিন্তু অভ্যন্তরীণ সমস্যার কারণে কাজটি সম্পূর্ণ হয়নি। এখন দ্রুততার সঙ্গে সেই প্রক্রিয়া শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে ২ কোটি ৫৬ লক্ষের বেশি জবকার্ড হোল্ডার রয়েছেন। তাঁদের সিংহভাগের আধার লিঙ্ক সম্পূর্ণ হলেও, ই-কেওয়াইসি আপলোডের সময় বহু আধিকারিক প্রযুক্তিগত সমস্যায় পড়ছেন। বিভিন্ন জেলার খবর, সার্ভার ডাউন থাকায় কাজ বিলম্বিত হচ্ছে। এক আধিকারিক জানিয়েছেন, এটি সাময়িক সমস্যা। একসঙ্গে বহু কেওয়াইসি আপলোড হলে সিস্টেমে চাপ পড়ে। ধীরে ধীরে সব তথ্য আপডেট হয়ে যাবে, যাতে আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত প্রকল্প শুরু করা যায়। পশ্চিমবঙ্গে এমজিএনআরইজিএ প্রকল্পে অনিয়মের অভিযোগে ২০২১ সাল থেকে কেন্দ্রীয় অর্থ বন্ধ ছিল। এর ফলে রাজ্যের লক্ষাধিক শ্রমিক বঞ্চিত হন। পরিস্থিতি জটিল হওয়ায় রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হয়। গত ১৮ জুন কলকাতা হাইকোর্ট রায় দেয়, কোনও কর্মসূচি অনির্দিষ্টকাল বন্ধ রাখা যায় না। আদালত কেন্দ্র ও রাজ্যকে নির্দেশ দেয়, শর্তসাপেক্ষে দ্রুত প্রকল্প চালু করতে হবে এবং রাজ্যের বকেয়াও মেটাতে হবে।

Be the first to comment