জাগো বাংলা-র উদ্যোগে চালু হল এস.আই.আর সহায়তা কেন্দ্র

Spread the love

নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর:
নদিয়ার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-র উদ্যোগে চালু হল এস.আই.আর সহায়তা কেন্দ্র। দলীয় সূত্রে জানা গেছে, মূল উদ্দেশ্য—সাধারণ মানুষের কাছে ভোটার তালিকা সংক্রান্ত তথ্যকে আরও সহজলভ্য করে তোলা।

এই সহায়তা কেন্দ্রে কৃষ্ণনগর পৌরসভার ১ থেকে ২৫ নম্বর ওয়ার্ড পর্যন্ত ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে। নাগরিকরা এখানে এসে নিজেদের নাম, ঠিকানা, ভোটার নম্বর ইত্যাদি যাচাই করতে পারবেন। পাশাপাশি যারা নাম বাদ পড়া বা তথ্যগত ভুল নিয়ে সমস্যায় পড়েছেন, তাদেরও প্রাথমিক পরামর্শ ও সহায়তা দেওয়া হবে এই কেন্দ্রের মাধ্যমে।

উদ্বোধনের দিন পোস্ট অফিস মোড়ে উপচে পড়ে স্থানীয় তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্বের একাংশ, যাঁদের মতে—এই কেন্দ্র মানুষ ও প্রশাসনের মধ্যে একটি তথ্য-সেতুর কাজ করবে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জানান, নাগরিকদের ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি বা অসুবিধা দূর করাই এই উদ্যোগের লক্ষ্য।

স্থানীয় এক কর্মী বলেন, “অনেকেই পুরনো ভোটার লিস্ট খুঁজে পান না, আবার অনেকে জানেন না তাঁদের নাম আছে কি না। তাই এই কেন্দ্র খুলে দেওয়ায় মানুষের সুবিধা হবে।”

দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই কৃষ্ণনগর শহরের অন্যান্য এলাকাতেও একই ধরনের সহায়তা কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে, যাতে প্রতিটি নাগরিক তাঁদের ভোটার পরিচয় সংক্রান্ত তথ্য নির্বিঘ্নে যাচাই করতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*