রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা এসআইআর চলছে এ রাজ্যে। দেশের আরও ১১টি রাজ্যের সঙ্গে একসঙ্গে চলছে এই প্রক্রিয়া। কমিশনের তথ্য বলছে, রাজ্যে মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত মোট সাড়ে ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি কাজ শেষ হয়েছে। শতাংশের হিসেবে যা প্রায় ৮৩.৫৭ কাছাকাছি। এমনই জানিয়েছে নির্বাচন কমিশন। এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষদিন ৪ ডিসেম্বর। এরপরে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তবে এবার খসড়া ভোটার তালিকার পাশাপাশি আরেকটি বিশেষ তালিকা।প্রকাশিত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিহারে প্রথম এই ব্যবস্থা চালু হয়েছিল, এবার পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্যেও তা কার্যকর হচ্ছে।এই নতুন তালিকায় কার নাম কেন ভোটার তালিকা থেকে বাদ গেল তার উল্লেখ থাকবে। যারা এনুমারেশন ফর্মপূরণ করে জমা দেবেন না, তাঁদের নাম বাদ পড়বে খসড়া ভোটার তালিকা থেকে। চলে যাবে ওই দ্বিতীয় তালিকায়। একইভাবে মৃত বা স্থানান্তরিত ভোটারদের নামও এই তালিকায় দেখা যাবে। এর ফলে ২০২৬ সালের ভোটার তালিকা প্রকাশের আগে থেকে।অনেকটাই স্পষ্ট হয়ে যাবে কতজন ভোটার বাদ পড়তে চলেছেন। জেলাভিত্তিক ফর্ম বিলিও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। পূর্ব বর্ধমানে ৯৭, বাঁকুড়ায় ৯৫ , হুগলি, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারে ৯৪, কালিম্পংয়ে ৯৩ শতাংশ ফর্ম দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ও জলপাইগুড়িতে ৯০, পশ্চিম মেদিনীপুরে ৮৯, পুরুলিয়ায় ৮৮, দার্জিলিং ও উত্তর দিনাজপুরে ৮২ শতাংশ ফর্ম বিতরণ হয়ে গিয়েছে।
নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ৮১, হাওড়ায় ৮০, বীরভূম, পশ্চিম বর্ধমানে ৭৮ শতাংশ। ফর্ম বিলি হয়েছে। এখনও পর্যন্ত অনলাইনে ৫ লক্ষ ৭১ হাজার এনুমারেশন ফর্ম জমা পড়েছে। কমিশনের আশা, শেষদিনের আগেই ফর্ম বিলিও জমা দেওয়ার কাজ শেষ হবে।

Be the first to comment