কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা খুনে পুলিশের চার্জশিট দাখিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের কলেজছাত্রী ঈশিতা মল্লিক খুনের মামলায় অবশেষে চার্জশিট পেশ করল কৃষ্ণনগর জেলা পুলিশ। সূত্রের খবর, আদালতে জমা দেওয়া চার্জশিটের পৃষ্ঠাসংখ্যা প্রায় ৩০০। সেখানে মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের পাশাপাশি তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং এবং মামা কুলদীপ সিংয়ের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনার ৭৮ দিন পর এই চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ।

তদন্ত সূত্রে জানা গেছে, এই মামলায় একাধিক সাক্ষীর বয়ান, ফরেনসিক রিপোর্ট এবং বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। সেসব তথ্যের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় নিজের ঘরে ঢুকে কলেজছাত্রী ঈশিতা মল্লিককে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে তার প্রেমিক দেশরাজ সিং। তদন্তে জানা যায়, ঈশিতা সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন, সেই কারণেই প্রতিশোধ নিতে গিয়ে দেশরাজ তাকে খুন করে।

ঘটনার পর অভিযুক্ত দেশরাজকে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয় তার বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং ও মামা কুলদীপ সিংকেও।

কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকওয়ানা মিতকুমার সঞ্জয় কুমার জানান, “আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই খুনের রহস্য উন্মোচন করতে পেরেছি। তিনজন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*