তেজস দুর্ঘটনা, দেশে শোক সর্বত্র

Spread the love

রোজদিন ডেস্ক :
সম্পুর্ন ভারতীয় প্রযুক্তিতে তৈরি বায়ুসেনার তেজস যুদ্ধ বিমানের দুবাই-এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত সারা দেশ। আজ দুপুরে দুবাই-এ এক বিমান শো-এ অংশ নিয়ে আচমকাই মাটিতে আছড়ে পড়ে এই অত্যাধুনিক বিমানটি। মাটিতে পড়েই বিধ্বংসী আগুনে জ্বলে যাওয়া এই বিমানের চালকও প্রাণ হারান। দুবাই-এর আকাশে এই রোমাঞ্চকর এয়ার শো দেখতে বহু মানুষ ওখানে উপস্থিত ছিলেন। তাঁদের চোখের সামনে নিমেষের মধ্যে যেভাবে তেজস যুদ্ধ বিমানটি আছড়ে পড়ে আগুন লাগলো এতে বাক রুদ্ধ সবাই। ইউএই-র দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত জরুরি ভিত্তিতে এর উদ্ধার কাজে যায়।
ভারতীয় বায়ু সেনা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। এই ঘটনায় নিহত বিমান চালকের পরিবারের পাশে থাকার কথা বলেছে।
কি করে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখতে তদন্ত হচ্ছে বলে আইএএফ কর্তৃপক্ষ জানিয়েছেন।
কংগ্রেস এর দুই সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী পৃথকভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ও তেজস চালকের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন। তাঁরা প্রয়াত চালকের শোক সন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানান।
প্রতিরক্ষা বাহিনীর প্রধান অনিল চৌহান সহ অন্য আধিকারিকরা এই ঘটনায় শোক ব্যক্ত করেন।
দেশের দীর্ঘ দিনের আস্থাভাজন, অত্যাধুনিক এই উন্নত যুদ্ধ বিমান দুর্ঘটনায় সর্বত্রই শোকের ছায়া।
গত চব্বিশ বছরে এই নিয়ে দ্বিতীয়বার মর্মান্তিক দুর্ঘটনা হল এই তেজসে। এতে উদবিগ্ন আইএএফ কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*