বিএলও-র অকাল মৃত্যু, ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বিএলও রিঙ্কু তরফদার। সুইসাইড নোটে দায়ীও করেছেন নির্বাচন কমিশনকে। তাঁর এই অকালমৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী-সহ আরও অনেকেই।
এসআইআর করতে গিয়ে আর কতজন বিএলও প্রাণ দেবেন বলে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআরের কাজ আতঙ্ক সৃষ্টি করছে বলে তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকারও এই মৃত্যুর ঘটনায় গভীর শোক ব্যক্ত করে বলেন, এর দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও পৃথকভাবে এই ঘটনার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে জানান। তিনি অমানুষিক কাজের চাপে আত্মঘাতী রিঙ্কু তরফদারের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও একজনকে সরকারি চাকরি দেওয়ারও দাবি করেন।
এস আই আরের কাজ ভালভাবে সম্পন্ন করার জন্য এর সময়সীমা বৃদ্ধির জন্য ফের দাবি করেন। বিএলও-র কাজে যাঁরা অদক্ষ, অসুস্থ তাঁদের অব্যাহতি দেওয়ারও দাবি তোলেন কিংকর অধিকারী।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্বাচন কমিশনকে ধিক্কার জানিয়ে বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপির নির্লজ্জ দালালি করছে তারা।তড়িঘড়ি এই এসআইআরের কাজ করতে গিয়ে ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তাঁরা এই বিষয়ে আইনের দ্বারস্থ হচ্ছেন। কমিশনের তুঘলকি পদক্ষেপের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করছেন বলে শুভঙ্কর সরকার জানান। একের পর এক বিএলও-র আত্মহত্যার ঘটনায় গভীর উদবেগ ও আশঙ্কা ব্যক্ত করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*