রোজদিন ডেস্ক : এসআইআর সংক্রান্ত কাজের চাপ নিতে পারছেন না বিএলওরা। চাপে অসুস্থ হয়ে পড়ছেন, কারও মৃত্যু পর্যন্ত ঘটেছে। ঘটেছে আত্মহত্যার ঘটনাও। শুধু এ রাজ্য নয়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত থেকেও বিএলওদের মৃত্যুর খবর মিলেছে। এই আবহে ফের ওপরওয়ালার নির্দেশের চাপ নিতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এ রাজ্যের আরও এক বিএলও। নাম কমল নস্কর। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বিএলও তিনি। পরিবারের অভিযোগ, কাজের চাপ সহ্য করতে না পেরেই তাঁর এই পরিণতি। জানা গিয়েছে, কমল নস্কর জয়নগরের হরিনারায়ণপুরের ৩১ নং বুথের বিএলও। তিনি স্থানীয় দুয়ের পল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শনিবার বিকেলে জয়নগর ১ এর বিডিও বিএলওদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানে তিনি ২৬ তারিখের মধ্যে সমস্ত বিএলওদের ফর্ম সংগ্রহ করে জমা দেওয়ার নির্দেশ দেন। বৈঠক শেষে চিন্তিত মুখে বাড়িতে আসেন কমলবাবু। তারপরই হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে যায়। বিডিও, স্থানীয় জনপ্রতিনিধি ও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস তাঁকে হাসপাতালে গিয়ে দেখে আসেন। তাঁর অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া শনিবার থেকে সমাজমাধ্যমে এক বিএলওর কান্নার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, তাঁর নাম সুনীতা মুখোপাধ্যায়। তিনি হুগলির পাণ্ডুয়ার বৈঁচিগ্রামের এক স্কুলশিক্ষিকা। গত বৃহস্পতিবার কাজের অগ্রগতি জানতে তাঁকে ব্লক অফিসে তলব করা হয়েছিল। সেখানে তাঁকে কাজ শেষ করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়ি এসে কান্নায় ভেঙে পড়েন।

Be the first to comment