পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের মঞ্চ থেকে ছাব্বিশে মমতাকে ফেরানোর আহ্বান, প্রতিবাদে কমিশনের দ্বারস্থ বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক : ২৬-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থ বারের জন্য বাংলার মসনদে ফেরানোর আহ্বান। প্রকাশ্যে এমনই আহ্বান জানালেন পুলিশ কর্মীরা। যা নিয়ে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে পুলিশ কর্মীরা কি এভাবে প্রকাশ্যে কোনও রাজনৈতিক দলের হয়ে কথা বলতে পারেন? এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দারস্থ হয়েছে বিজেপি। সোমবার দীঘায় পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তরফে মহিলা পুলিশকর্মীদের একটি সমাবেশ হয়। সেই সমাবেশ থেকেই একাধিক পুলিশ কর্মী ২৬শের ভোটে মমতা ব্যানার্জিকে চতুর্থবার বাংলার মসনদে ফেরানোর ডাক দেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই সমাবেশের ভিডিও তুলে ধরে তীব্র প্রতিবাদ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি প্রশ্ন তোলেন, রাজ্য সরকারের সাহায্য ও অর্থানুকূল্যে চলা একটি সংগঠন কীভাবে প্রকাশ্যে একটি দলের হয়ে ওকালতি করতে পারে? এই অভিযোগ জানিয়ে তিনি নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন। কমিশনের কাছে তার দাবি আসন্ন নির্বাচনে কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়ে গেলে এই পুলিশকর্মীদের যেন কোনওভাবেই নির্বাচনী প্রক্রিয়ায় না রাখা হয়। তাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যারা প্রকাশ্যে তৃণমূলকে ফেরাতে চায় তারা কোনও ভাবেই নিরপেক্ষ নয়। তারা কীভাবে নির্বাচনী প্রক্রিয়ায় থাকতে পারে?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*