সময় আসলে তৃণমূলের “গুন্ডা”-দের এনকাউন্টার করা হবে, পুলিশের উর্দি খুলে নেব, হুমকি বিজেপি বিধায়কের

Spread the love

রোজদিন ডেস্ক : সময় আসলে তৃণমূলের গুন্ডাগুলোকে এনকাউন্টার করবো। আর দলদাস পুলিশের উর্দি খুলে নেবো। পথসভা থেকে এই ভাষাতেই হুমকি দিলেন বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। তাঁর হুমকির জবাবে বিধায়ককে “জেলখাটা আসামি” বলে পালটা কটাক্ষ করল তৃণমূল। বনগাঁর গোপালনগর স্টেশন এলাকায় দক্ষিণ মণ্ডল ১ বিজেপির তরফে আয়োজিত পথসভার বক্তা ছিলেন বিধায়ক স্বপন মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল এবং পুলিশের উদ্দেশে তিনি বলেন, ২০২৬-এ মানুষ বিজেপিকে বাংলার মসনদে বসাবে। দলদাস পুলিশ এবং তৃণমূলের হার্মাদরা শুনে রাখুন, সবাইকে দেখে নেব। গুন্ডাগুলোকে এনকাউন্টার করবো, আর দলদাস পুলিশগুলোর উর্দি টেনে খুলে নেবো। স্বপন আরও বলেন, একটা বিজেপির গায়ে যদি হাত পড়ে ওই হাত স্বপন মজুমদার ভেঙে দেবে। বিজেপি কর্মীদের উদ্দেশে স্বপন বলেন, বিজেপির কোনও কর্মীর গায়ে হাত দিলে তার ঘাড় মটকে আমার কাছে আসবেন। থানা, পুলিশ, কোর্ট, কাছারি, আমি বুঝে নেব। বিধায়কের হুমকির জবাবে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, স্বপন মজুমদার একটা অসামাজিক লোক। মাদক পাচারের অভিযোগে জেল খেটেছে। আমরা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। তাঁর বিধায়ক পদ খারিজ করারও দাবি জানান তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*