রোজদিন ডেস্ক : দীর্ঘদিন দলে কার্যত ব্রাত্য ছিলেন তিনি। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতা সফরে আসার পরই ফের স্বমহিমায় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ মতুয়া অধ্যুষিত রানাঘাটে কামব্যাকের পর প্রথম সভায় রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন তিনি। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, শাসক দল, মতুয়া নেত্রী মমতা বালা ঠাকুর প্রমুখকে একের পর এক তোপ দাগেন।।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢালাও প্রশংসা করে বলেন, এই সরকারের জন্য কৃষক, গরিব মানুষ কেন্দ্রর দেওয়া সুযোগ-সুবিধা পান না। রাজ্যে এবার বিজেপির সরকার আসছে সেই বিষয়ে নিশ্চিত তিনি। জানিয়ে দিলেন, তিনিও মন্ত্রী হবেন। মন্ত্রী না হলে কিভাবে আমজনতার জন্য কাজ করবেন বলে জানান।
এবারের বিধানসভা নির্বাচনে কোন ভূয়ো ভোট, ছাপ্পা ভোট থাকবে না, ভোট দেবেন শুধু এখানকার ভোটাররা বলে জোর গলায় জানিয়ে দেন।
রাজ্যে সরকার পরিবর্তনের দাবিতে পরিবর্তন সঙ্কল্প যাত্রা শুরু করেছে বিজেপি, আজ রানাঘাটের সেই সভায় দিলীপ ঘোষের বক্তব্য শুনতে বহু মানুষ আসেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, শাসকদল, নাম না করে রাহুল গান্ধী-কে আক্রমণ করেন। বলেন, এবার রাজ্যে তাঁদের দল সরকার গঠন করবেই। রাজ্যের ভাগ্য পরিবর্তনের জন্য বিজেপিকে জয়ী করতে তিনি আহবান জানান। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার গড়ে সোনার বাংলা গড়া হবে বলে জানান।
রাজ্যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য-কে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, উনি একদিকে বলেছিলেন এসআইআরের ফর্ম ভরবেন না, অন্য হাতে তা নিয়েছেন। মতুয়া গড় রানাঘাটে প্রয়াত বড়মার পুত্রবধূ সাংসদ মমতা বালা ঠাকুরের নাম করে বলেন, উনি অসত্য কথা বলেন।
রাজ্যে তৃণমূল ভুয়ো ভোটে জিতছে বলে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, এবার নির্বাচনে বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী থাকবে, কানের পাশে বন্দুক ধরে তৃণমূল ইচ্ছে মত ছাপ্পা ভোট দিতে পারবে না, এর পরেও যদি তৃণমূল জেতে তবে সেটাই মানুষের বিচার বলে মেনে নেবেন বলে জানান।
সূত্রের খবর, অমিত শাহর পরামর্শ মেনে দিলীপ ঘোষকে রাজ্যে প্রচারের কাজে নামানো হয়েছে। এরপর তিনি উত্তরবঙ্গ-সহ রাজ্যের বহু জেলাতে যাবেন।

Be the first to comment