অনুষ্ঠান করতে গিয়ে হেনস্তার শিকার টলি তারকা মিমি চক্রবর্তী, অভিযোগ দায়ের পুলিশে

Spread the love

রোজদিন ডেস্ক : অনুষ্ঠান করতে গিয়ে এবার হেনস্তার শিকার অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রকাশ্যে মঞ্চে তাঁকে অপমান করা হয়েছে বলেই অভিযোগ। ঘটনার পর তিনি পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছেন। রবিবার রাতে বনগাঁয় একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছে। অভিযোগ জানানোর পর সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা শেয়ার করেছেন মিমি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি চক্রবর্তী জানান, রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে তাঁর একটি অনুষ্ঠান ছিল। সেখানে পৌঁছতে তাঁর ঘণ্টাখানেক দেরি হয়। তিনি মঞ্চে ওঠেন একটু দেরিতে। অগণিত দর্শক তাঁকে দেখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে মুখিয়ে ছিল। তাঁর অভিযোগ, পারফরম্যান্স মাঝে মঞ্চ থেকে কার্যত জোর করে তাঁকে নামিয়ে দেওয়া হয়। দেরি হল কেন, প্রশ্ন তুলে তাঁকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। যাঁরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদেরও সরিয়ে দেওয়া হয়। এবং সবটাই ঘটেছে আচমকা, কোনও পূর্বাভাস ছাড়াই। মিমির বক্তব্য, মঞ্চে এমন হেনস্তা কাম্য নয় এবং অসম্মানজনক। এনিয়ে সরব না হলে এমন ঘটনা চলতেই থাকবে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও আয়োজকরা বলছেন, সেরকম কিছু ঘটেনি। আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল। সেটাই ওনাকে বলা হয়েছিল। ওনার যদি খারাপ লেগে থাকে আমরা দুঃখিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*