রোজদিন ডেস্ক : পিছিয়ে গেল রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি থেকে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী তা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। অধিবেশন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই অধিবেশনের ৫ ফেব্রুয়ারি বিধানসভা ভোটের আগে তিন মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, কিছু অনিবার্য কারণেই অধিবেশনের সূচি বদলাতে হয়েছে। তাঁর কথায়, আগামী ৩ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে। আমাদের কিছু অসুবিধার কারণে তারিখ পরিবর্তন করতে বাধ্য হয়েছি। বাজেটের দিন প্রথম সেশনে থাকছে রাজ্যপালের ভাষণ। দ্বিতীয় সেশনে বাজেট পেশ করা হবে। আগের সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার কথা ছিল এবং ৫ ফেব্রুয়ারি অধিবেশন শেষ হওয়ার কথা ছিল। এটিই হবে বর্তমান সরকারের আমলে বিধানসভার শেষ অধিবেশন।

Be the first to comment