রোজদিন ডেস্ক : কমবেশি চার বছর পর বীরভূম থেকে বগটুই মামলা সরানো হল অন্য জেলায়। বিচারপ্রক্রিয়া ও সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের মামলা অন্যত্র সরানোর আর্জি মেনে নিয়ে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলা স্থানান্তরের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই। বুধবার সেই মামলায় বীরভূম জেলা আদালত থেকে বগটুই মামলার বিচার প্রক্রিয়া পূর্ব বর্ধমানের আদালতে সরানোর নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়। আদালত জানিয়েছে, বীরভূমে বগটুই মামলার বিচারপ্রক্রিয়া আর হবে না, পূর্ব বর্ধমান জেলায় হবে। এখন মামলার শুনানি কোথায় হবে, তা পূর্ব বর্ধমানের জেলা বিচারক চূড়ান্ত করবেন। এর আগে ২০২২ সালের ২১ মার্চ মাঝরাতে বীরভূমের রামপুরহাট থানার ১৪ নং জাতীয় সড়কের পাশে বগটুইতে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা বড়শাল পঞ্চায়েতের তৎকালীন উপপ্রধান ভাদু শেখকে। অভিযোগ, সেই রাতেই ভাদুর অনুগামীরা বগটুইয়ের বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তাতে মৃত্যু হয় ১০ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার পায় সিবিআই।

Be the first to comment