রোজদিন ডেস্ক : সাহস মানে গুলি চালিয়ে মানুষ মারা নয়। সৎ সাহস থাকলে সব রকম পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব, বিদায় সংবর্ধনায় এমনই মন্তব্য করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি বলেন, এই রাজ্যে প্রাণহানি ছাড়াই অনেক সমস্যার মোকাবিলা করছে পুলিশ। অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ অনেক বেশি। বিদায়ী ডিজি বলেন, আমরা ডিউটিতে প্রাণ দিতে তৈরি থাকি, আর তার জন্য আমরা গর্বিত। এটা সৎ সাহস থেকেই আসে। আমাদের অনেক ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মাঝেও যদি আমরা সৎ সাহস বজায় রাখতে পারি তাহলে সমস্যা মোকাবিলা করতে সুবিধা হয়। সাহস মানে গুলি চালানো নয়, সাহস মানে রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনড় থাকা। আমাদের রাজ্য স্ট্র্যাটেজিক্যালি এবং ভূরাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই রাজ্যে তিনটে সীমান্ত। তাই আমাদের চ্যালেঞ্জ অন্যদের তুলনায় বেশি। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা যে কাজ করছেন, তাতে আমি গর্বিত। আগামী ৩১ জানুয়ারি ডিজি হিসাবে রাজীব কুমারের শেষদিন। ইতিমধ্যেই ডিজি পদ নিয়ে বেড়েছে আইনি জট। রাজীব কুমারকে ডিজি হিসাবে ফের পেতে চাইছে রাজ্য। নিয়ম মেনেই ৮ জনের নামের তালিকা পাঠিয়েছে নবান্ন এবং তাতে রাজীব কুমারের নাম রয়েছে।

Be the first to comment