রোজদিন ডেস্ক : এক সপ্তাহের যুদ্ধ শেষ। ছোট্ট শরীরের ৯৫% পোড়া অবস্থায় ও প্রাণপণ লড়ছিল সে, আপ্রাণ চেষ্টা করছিলেন চিকিৎসকরাও। সব চেষ্টা ব্যর্থ করে আজ ভোরে না ফেরার দেশে চলে গেল ছোট্ট সাদিকুল আহমেদ। মাত্র আট বছর বয়েসে তার এই মৃত্যুতে এলাকা জুড়ে গভীর শোক, ক্ষোভের ছায়া।
গত ১৭ ফেব্রুয়ারি ভাঙড়ের খরিগাছিতে রাস্তার ধারে রাখা রাসায়নিক ড্রামে আচমকা বিস্ফোরণ হয়। পাশেই সাদিকুল সহ চার শিশু খেলছিল। বিস্ফোরণের তীব্র তায় ঝলসে যায় তারা। হাসপাতাল চিকিৎসা চলছিল। অবস্থার অবনতির জন্য তাকে আইসিইউ তে রাখা হয়। আজ ভোরে শেষ নিশ্বাস ফেলে সে।
এই ঘটনায় আহত অন্য দুই চিকিৎসাধীন শিশুর অবস্থা স্থিতিশীল।
মর্মন্তুদ এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। রাস্তার কাজের জন্য ওই রাসায়নিক রাখা হয়েছিল। কেন তা যথাযথভাবে রাখা হয়নি, এর জন্য কারা দায়ী তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। কাদের ঔদাসীন্যে তা হল তাই নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। এই ঘটনায় যারা যুক্ত, পুলিশ খোঁজ করছে। চলছে তদন্ত।

Be the first to comment