রোজদিন ডেস্ক : এসআইআরের পর সদ্য প্রকাশিত ভোটার তালিকা ত্রুটি মুক্ত নয় বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আজ জানান। এমনকি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে (মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র) মৃত জুগনু বাসকারের নাম আছে, কিন্তু একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেছে। এসআইআর শুরুর সময় থেকেই ত্রুটিমুক্ত ভোটার তালিকার দাবিতে বারবার সরব হয়েছেন তিনি। সহকর্মীদের নিয়ে জোরদার আন্দোলনও করেছেন। আজ তালিকা প্রকাশের পর সাংবাদিক বৈঠক ডেকে তিনি হতাশা ব্যক্ত করেন।
শুভঙ্কর সরকার বলেন, আজ বহু জায়গায় তালিকা যায়নি। যেখানে গেছে তাও সব ক্ষেত্রে ত্রুটিহীন না৷ এই নিয়ে নির্বাচন দফতর বিচার বিভাগের ওপর দোষ দিচ্ছেন। যা ঠিক নয়। বিচার বিভাগের ওপর তাঁদের সম্পুর্ন আস্থা আছে বলে তিনি জানান।
ভবানীপুর কেন্দ্রে মৃত জুগনু বাসকারের মৃত্যুর শংসাপত্র দেখিয়ে ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, এই কেন্দ্রেই একজন প্রকৃত ভোটারের নাম বাদ গেছে। তাঁর পরিবারের সবার নাম থাকলেও কেন তাঁর নাম বাদ গেছে প্রশ্ন তোলেন। যে সব প্রকৃত ভোটারের নাম বাদ গেছে, তা নিয়ে আন্দোলনের কথা বলেন। কেন অ্যাডজুডিকেসন তালিকা দেওয়া হয়নি, প্রশ্ন তোলেন শুভঙ্কর বাবু। বলেন, তাঁদের দাবি ছিল, মৃত, এই দেশের ভোটার না, এমন মানুষদের নাম বাদ দিতে হবে, প্রকৃত একজন ভোটারের নামও বাদ দেওয়া যাবে না, এই দাবি এখন ও আছে। এসআইআরে ডাক পেয়ে নথি জমা দেওয়ার পর ও যাঁদের নাম বাদ গেছে,, তাঁরা কি করবেন, তা জানা দরকার।
অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে বলেন, এই ভোটার তালিকা দেখে এখনও বিস্তারিত বলার সময় আসেনি। তবে তাঁরা মনে করেন, রাজ্য সরকার ও নির্বাচন কমিশন উভয়ই অপদার্থ, এই তালিকা সেই অপদার্থতারই ফল।
আমজনতার অধীর আগ্রহে অপেক্ষার পর আজ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষোভ বিক্ষোভ অব্যাহত।

Be the first to comment