রোজদিন ডেস্ক :
তাঁরা সাধারণত সংসারের কোন বিষয়ে নিজেদের জড়ান না। মানব সেবাই তাঁদের একমাত্র ধর্ম। এমন কয়েকজন সর্বত্যাগী ব্রহ্মচারীকে এবার ভোটে প্রার্থী করেছে বিজেপি। তাঁদের অন্যতম উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের প্রার্থী উৎপল ব্রহ্মচারী। আদতে দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা উৎপল বর্মনকে পড়াশোনার জন্য ছোট বেলায় ভারত সেবাশ্রমে রেখে এসেছিলেন তাঁর নিম্নবিত্ত কৃষক বাবা। সেখান থেকে একের পর এক ধাপ টপকে তিনি স্নাতকও হন। কিন্তু সংসারে মন দেননি। ব্রহ্মচারী হয়ে এলাকার বহু জনহিতকর কাজে নিজেকে সমর্পণ করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবা কেই নিজের ধর্ম মনে করেন তিনি। এমন জনপ্রিয়, শ্রদ্ধেয় উৎপল ব্রহ্মচারী, যিনি স্বামী জ্যোর্তিময়ানন্দ হিসাবে ও পরিচিত, তাঁকে কালিয়াগঞ্জ আসনের প্রার্থী করেছে। এলাকায় অনেকে প্রচার করছেন, ভারত সেবাশ্রম তাঁকে বহিষ্কার করেছে। যদিও তিনি সবিনয়ে জানিয়েছেন, প্রার্থী হওয়ার পর নিজেই আশ্রম থেকে অব্যাহতি চান। তা অনুমোদিত হয়েছে।
ইতিমধ্যে প্রচারেও বেরিয়েছেন। তাঁকে কেন্দ্র করে এলাকার ভোট রাজনীতি নতুন মাত্রা পেয়েছে।

Be the first to comment