রোজদিন ডেস্ক : রাজ্যে প্রথম দফার বিধান সভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়লো আজ। বিকেল পাঁচটা অবধি ভোটের হার ৮৯.৯৩%।।
এখন ও বহু জায়গায় মানুষ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। ফলে ভোটের হার আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
এই বিপুল সংখ্যায় ভোটের হার শুধু এই রাজ্য নয়, সারা দেশের রেকর্ড ভেঙে দিতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
আজ বিক্ষিপ্ত কিছু গোলমালের ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নে ভোটপর্ব মেটায় আপাতত স্বস্তিতে নির্বাচন দফতর।
সূত্রের খবর, আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ দফার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে। বিশেষ নজর থাকবে দুই ২৪ পরগণা, নদীয়া, হাওড়ার ওপরও।
বহু এলাকায় ইতিমধ্যেই ভোটের হার ৯০% পেরিয়েছে।
বিকেল পাঁচটা অবধি সর্বাধিক ভোটের হারে এগিয়ে আছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, ৯৫.৩৪% এর পরেই আছে ওই জেলারই ভগবানগোলা, ৯৫.৩১। অন্যতম নজর কাড়া কেন্দ্র নন্দীগ্রামে ৯০.০৩%, বহরমপুরে ৮৯.৬০%, এখানে অধীর চৌধুরী দাঁড়িয়েছেন।
জেলা হিসাবে ভোট দানের শীর্ষে আছে দক্ষিণ দিনাজপুর, ৯৩.১২%, সব থেকে কম ভোট পড়েছে পাহাড়ের কালিম্পং এ ৮১.৯৮%।
গত ৯ এপ্রিল তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে সব থেকে বেশি ভোট পড়েছিল অসমে, ৮৫.৩৮%, আজ পশ্চিমবঙ্গ তাকে ছাপিয়ে গেল। কেন্দ্র শাসিত পুদুচেরিতে ভোট পড়েছিল ৮৯.৯৩%, রাজ্যে প্রথম দফার ভোট তাও ছাড়িয়ে গেল।
এর আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ও ভোট পড়েছিল ৮৪.৩৩%।
এই বিপুল ভোটের হারে তাঁরাই জয়ী হবেন বলে শাসক টিএমসি ও বিজেপি উভয় পক্ষই দাবি করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ও রাজ্যে নির্বাচনী প্রচারে এসে দাবি করেছেন, সরকার গড়বেন তাঁরাই।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি, জিতছেন তাঁরাই। মানুষ তাঁদেরই ভালবেসে ভোট দিয়েছেন, জিতছেন তাঁরাই।
তবে আগামী ২৯ এপ্রিল ১৪২ টি আসনে কত ভোট পড়বে, তার ওপর সার্বিক ভোটের হার নির্ধারিত হবে।

Be the first to comment