রোজদিন ডেস্ক : রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়টা সত্যিই খারাপ যাচ্ছে। নির্বাচনে হেরে কুর্সি গিয়েছ আগেই। দলের ওপর আলগা হচ্ছে নেত্রীর রাশ। এবার তাঁর বিরুদ্ধে পুলিশে দায়ের হল অভিযোগ। নিজের বক্তব্যে তিনি একটি বিশেষ সম্প্রদায়কে নাকি অসম্মান করেছেন। এই অভিযোগে তাঁর নামে এফআইআর দায়ের হল শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায়। অভিযোগ দায়ের করেছেন জনৈক আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। ২০২৫ সালে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি আপত্তিজনক মন্তব্য করেছিলেন, এমনই দাবি অভিযোগকারীর। ওই আইনজীবী জানান, দুটি ঘটনা নিয়ে তিনি এফআইআর দায়ের করেছেন। একটি হল রেড রোড থেকে উনি বলেছিলেন, আমি এই গন্দা ধর্ম মানি না। দ্বিতীয় অভিযোগ, ২০২৬ এর বিধানসভার প্রচারে গিয়ে বলেছিলেন, আমি আছি বলেই একটা বিশেষ সম্প্রদায় তোমাদের ১২টা বাজাতে পারছে না। আইনজীবী বলেন, উনি তো মুসলমান-হিন্দু সকলেরই মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে একটি সম্প্রদায়কে খুশি করতে গিয়ে কেন অন্য সম্প্রদায়কে হুমকি দিচ্ছেন? আমি ওঁর এই কথাকে সমর্থন করি না। আমি শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছি।

Be the first to comment