প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিলেন বিচারপতি সুজয় পাল। তাঁর জায়গায় আপাতত প্রধান বিচারপতির দায়িত্বভার সামলাবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আগামী সোমবার থেকেই তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বলে শুক্রবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এদিনই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি সুজয় পাল। মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে তেলেঙ্গানা হাইকোর্ট হয়ে বিচারপতি সুজয় পাল গত বছর ১৮ জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব নেন। এরপর সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদের দায়িত্বভার সামলাচ্ছিলেন। পরে চলতি বছর জানুয়ারি মাসে চুয়াল্লিশতম প্রধান বিচারপতি হিসাবে তাঁকে কলকাতা হাইকোর্টে নিযুক্ত করা হয়। এদিন বিকাল সাড়ে তিনটেয় হাইকোর্টের বিচারপতিরা, তিনটি আইনজীবী সংগঠন ও হাইকোর্ট প্রশাসনের তরফে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Be the first to comment