প্রতিবেদন: বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল পান্ডুয়া থানার এক সিভিক ভল্যান্টিয়ারের। মৃতের নাম বাপ্পা মুখোপাধ্যায় (৪০)। রবিবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠ থেকে পোষা গরু আনতে গিয়েছিলেন তিনি। তখন বাজ পড়ে তাঁর উপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাপ্পা। পুলিশ সূত্রে জানা গিছে, এদিন সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছিল। পাণ্ডুয়ার সিমলাগড়-তালবোনা এলাকার বাসিন্দা বাপ্পা সকালের দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। সেই সময় আচমকা বাজ পড়ে তাঁর উপর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাজ পড়ে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে পাণ্ডুয়া থানায় সিভিক ভল্যান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন বাপ্পা। অবিবাহিত বাপ্পা চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পাণ্ডুয়া থানা ও পুলিশ মহলে। সহকর্মীরা জানিয়েছেন, কর্তব্যপরায়ণ ও মিশুকে বাপ্পা সকলেরই প্রিয় ছিলেন। বাপ্পার দাদা সজল বলেন, ভাই মাঠে গরু আনতে গিয়েছিল। তখনই বাজ পড়ে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত বলে জানান। পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

Be the first to comment