রোজদিন ডেস্ক :
সাহিত্য সম্রাট তথা “বন্দে মাতরমের” অমর স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর জন্মদিনে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বঙ্কিমচন্দ্র এক বিশাল মাপের সাহিত্যিক ছিলেন, যাঁর লেখা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়দের মনে দেশপ্রেম ও সাংস্কৃতিক গর্বের আগুন জ্বালিয়ে ছিল। এই বছর বন্দে মাতরমের সার্ধশতবর্ষ পূর্তি হচ্ছে।এই গানের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা আন্দোলন ও দেশকে এক চিরস্থায়ী অনুপ্রেরণা জুগিয়েছেন।সমাজমাধ্যমে বাংলায় প্রধানমন্ত্রী আরও লেখেন, তাঁর সমৃদ্ধ, সাহিত্যকর্ম আমাদের মন কে আলোকিত করে ও জাতি গঠনে আমাদের সম্মিলিত সঙ্কল্পকে শক্তিশালী করে। তিনি এই মহান সাহিত্যিক কে প্রণাম জানান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় বঙ্কিমচন্দ্রের বাসভবনে তথ্য ও সংস্কৃতি দফতরের আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, বঙ্কিমচন্দ্রের সাহিত্যিক উত্তরাধিকার ও দেশপ্রেমের আদর্শ আজও আমাদের জাতীয় চেতনাকে অনুপ্রাণিত করে। তিনি শুধু বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করেননি, তাঁর লেখার মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের বীজও বপন করেছিলেন। তাঁর অমর সৃষ্টি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। তাঁর রচিত অমর সঙ্গীত, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম এর ১৫০ বার্ষিকী আমরা এই বছর পালন করছি।সাহিত্য সম্রাটকে তিনি বিনম্র শ্রদ্ধা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মহান সাহিত্যিক ও সাংস্কৃতিক জাতীয়তাবাদের পথিকৃৎ বঙ্কিমচন্দ্র-কে স্মরণ করে শ্রদ্ধা জানান। তাঁর অমর সৃষ্টি “আনন্দ মঠ”-এর মাধ্যমে বঙ্কিমচন্দ্র মাতৃভূমির প্রতি ভক্তি, ত্যাগ ও জাতীয় চেতনার বার্তা দিয়েছিলেন। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্ণ হলেও তা সারা দেশে তার আসল রূপে জাতীয় ঐক্য ও আত্মগর্বের বার্তা পৌঁছে দিচ্ছে বলে অমিত শাহ জানান।

Be the first to comment