রোজদিন ডেস্ক :
স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে তাঁকে গলা কেটে হত্যা করে উধাও হয়েছিলেন স্বামী। পরে বেলগাছিয়া মেট্রো স্টেশনে আত্মঘাতী হন তিনি।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অনাথ হয়ে গেল তাঁদের ছোট্ট ছয় বছরের মেয়েটি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, স্ত্রী মনিকা ও কন্যাকে নিয়ে রিষড়ায় ভাড়া বাড়িতে থাকতেন দীপঙ্কর সরকার। গতকাল রাতে তাঁদের বাড়ি থেকে মনিকার আর্তনাদ শুনতে পান প্রতিবেশীরা। আজ সকালে বাড়িতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খোঁজ মিলছিল না স্বামী দীপঙ্কর সরকারের।
অন্যদিকে বেলগাছিয়া মেট্রো স্টেশনে এক ব্যক্তির আত্মহত্যার খবর আসে। পরে পুলিশ জানায় তিনিই দীপঙ্কর সরকার।
স্ত্রীকে হত্যা করে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের অনুমান। এক দিনে তরুণ দম্পতির এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ সংশ্লিষ্ট এলাকা। পুলিশ এর তদন্ত করছে।

Be the first to comment