রোজদিন ডেস্ক :
কলকাতা সহ রাজ্যে পরিচ্ছন্নতা, স্বচ্ছতা বজায় রাখতে সাফাই কর্মীদের “সুরক্ষা কবচ” প্রদান করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এক অনুষ্ঠানে ৫০ হাজার সাফাই কর্মীকে এই কিট দেওয়া হয়। পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে মূল কারিগর সাফাই কর্মীদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি পরিচ্ছন্নতা কে সামাজিক কর্তব্য ও নাগরিক চেতনার অঙ্গ বলে উল্লেখ করেন৷ বলেন, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযান এখন সারা বিশ্বে সমাদৃত। এই ভাবনাকে মাথায় রেখে তাঁরা আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী আসার আগে কলকাতা ও বিধাননগরে স্বচ্ছতাতে স্বাগত কর্মসূচি নিয়েছিলেন। যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেও এর প্রশংসা করেন।

শহরের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বিচারে গাছ কাটা, মানুষের অসচেতনতা, কংক্রিটের জঙ্গল এই সবের জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর সব থেকে খারাপ প্রভাব পড়ছে শিশু, কিশোর ও প্রবীণদের ওপর। এর ফলে শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রকোপ ও বাড়ছে। সার্বিক ভারসাম্য রক্ষা করে তিনি উন্নয়নে জোর দেন। পরিবেশ উন্নয়নে চলতি বছর রাজ্যে ৭ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুধু ছবি তুলেই দায়িত্ব শেষ করা নয়, রাজ্য সরকার আগামী দু বছর এর রক্ষণাবেক্ষণও করবে বলে জানান।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফাই কর্মীদের সুরক্ষা কবচ দেওয়ার বিষয় ব্যাখ্যা করেন। কলকাতা সহ রাজ্যকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

Be the first to comment