ট্রেনের ধাক্কা স্কুল পুলকারে, মৃত ২ পড়ুয়া-সহ ৩, মর্মান্তিক ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদে

Spread the love

রোজদিন ডেস্ক : 
সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে। পড়ুয়া বোঝাই স্কুল পুল কারে ট্রেনের ধাক্কায় নিহত দুই পড়ুয়া সহ তিন জন। আহত আরও ৬ পড়ুয়া।
মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই চলে যান বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সেখান থেকেই রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ফোন করেন তিনি।
ভয়াবহ দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে ওখানে যেতে বলেছেন।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকা জুড়ে হাহাকার। সূত্রের খবর খোলা লেভেল ক্রসিং দিয়ে পড়ুয়া বোঝাই পুল কারটি যাওয়ার সময় দ্রুত আসা নিমতিতা – কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন ধাক্কা দেয়। দুই পড়ুয়া নিহত, ছয় জন আহত হয়। গাড়ির চালকের অবস্থা ও আশঙ্কাজনক।
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক জন সাইকেল আরোহীও।
লেভেল ক্রসিং খোলা রাখার দায়ে গ্রেফতার করা হয়েছে গেটম্যান অনুপ কর্মকারকে।
গোটা ঘটনার তদন্ত হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, একটি ট্রেন চলে যাওয়ার পর গেটম্যান গেট খুলে দিলে পুল কারটি পার হওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক ওই সময় ট্রেনটি চলে আসে। ট্রেনের ধাক্কায় পুলকার ও এক সাইকেল আরোহী ছিটকে পড়েন। দুই শিশু পড়ুয়া ও এক সাইকেল আরোহী প্রাণ হারান। কিভাবে এত বড় দুর্ঘটনা হোল রেল খতিয়ে দেখছে।
সাতসকালে এই দুর্ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। রেল কর্তৃপক্ষ নিহতদের পরিবার প্রতি দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*