রাজ্যপালের নাম করে ভুয়ো ফোন, অভিযোগ পেতেই তদন্তে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক: খোদ রাজ্যপাল ও রাজভবনের আধিকারিকের পরিচয়ে ফোন করছে কোনও প্রতারক। সাইবার ক্রাইম সেলে অভিযোগ দায়ের করেছে লোক ভবন (রাজভবন)। এই নিয়ে ইতিমধ্যে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলে মামলা রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে শুক্রবার জানানো হয়েছে।
রাজভবনের দাবি, একটি মোবাইল নম্বর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং লোক ভবনের আধিকারিক পরিচয় দিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, শীর্ষ সরকারি আধিকারিক এবং অন্যদের ফোন করছে। ওই ব্যক্তি রাজ্যপালের নামে বিভিন্ন নির্দেশ ও বার্তা দিচ্ছে বলেও অভিযোগ। এই ঘটনার জেরে রাজ্যপালের সচিব সৌমিত্র মোহন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের উপ-পুলিশ কমিশনার প্রদীপ কুমার যাদবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগে ওই মোবাইল নম্বরের প্রকৃত ব্যবহারকারীকে চিহ্নিত করা, সমস্ত ইলেকট্রনিক প্রমাণ সংরক্ষণ করা এবং ভারতীয় ন্যায় সংহিতা, তথ্যপ্রযুক্তি আইন-সহ প্রযোজ্য ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেল। তদন্তে ভুয়ো পরিচয় ব্যবহারকারী ব্যক্তি বা চক্রের পরিচয় এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*