মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা করছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। হাওড়া ব্রিজের নিচে অবস্থিত এশিয়ার বৃহত্তম এই ফুলবাজারের পরিকাঠামো উন্নয়ন, আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারে রাজ্যের ফুলচাষ শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর একটি রূপরেখা তৈরি করছে । সম্প্রতি এই পরিকল্পনা নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনমন্ত্রী ডাঃ কল্যাণ চক্রবর্তী। বৈঠকে বাজারের সার্বিক উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন এবং ফুলচাষিদের আয় বৃদ্ধির দিকগুলি নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী জানান, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিদেশি ফুলের চাষ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কৃষকেরা ধান বা অন্যান্য প্রচলিত ফসলের পাশাপাশি বাণিজ্যিক ভাবে ফুলচাষের দিকে ঝুঁকছেন। এই প্রবণতাকে আরও উৎসাহ দিতে রপ্তানিযোগ্য ফুলের চাষে বিশেষ গুরুত্ব দেবে সরকার।।আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন ফুলের উৎপাদন বাড়ানো হলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে, অন্যদিকে ফুলচাষের সঙ্গে যুক্ত কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে। সেই লক্ষ্যেই উৎপাদন থেকে বিপণন পর্যন্ত গোটা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।এই লক্ষ্যে মল্লিকঘাট ফুলবাজারে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার গড়ে তোলারও পরিকল্পনা করা হয়েছে।

পর্যালোচনা বৈঠকে মন্ত্রী উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, প্রাক্তন কাউন্সিলর সন্তোষ পাঠক, দেবজিৎ সরকার, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা, কলকাতা বন্দর কর্তৃপক্ষ, কলকাতা পুরসভার প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*