গুণ্ডাদমন বিলকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: রাজ্য সরকারের প্রস্তাবিত নতুন গুন্ডা দমন আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। ফলে খারিজ হয়ে গেল মামলাটি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সংশ্লিষ্ট বিলটি এখনও রাষ্ট্রপতির অনুমোদনই পায়নি। ফলে আইনটি কার্যকর না হওয়ায় এই মুহূর্তে সেই বিষয়ে আদালতের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই। আদালত পর্যবেক্ষণে জানায়, রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আইনটি এখনও কার্যকর হয়নি। তাই সম্ভাব্য বা ভবিষ্যতের কোনও আইন নিয়ে এভাবে আগাম হস্তক্ষেপ করা যায় না। সেই কারণেই জনস্বার্থ মামলাটি খারিজ করা হয়েছে। তবে একই আবেদনে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইন, ১৯৭২-কে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সেই বিষয়ে রাজ্য সরকারকে ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*