প্রতিবেদন: কলকাতা এবং হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা পুনর্বিন্যাস করতে আগামী ১২ অগাস্ট রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডাকছে রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, ১২ অগাস্টের বিশেষ অধিবেশনে হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল এবং কলকাতা পুরনিগম (সংশোধনী) বিল পেশ করা হবে। প্রস্তাব অনুযায়ী, হাওড়া পুরনিগমে ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ হবে। কলকাতা পুরনিগমের ক্ষেত্রেও ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রস্তাব আনা হচ্ছে। এই কারণেই একদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার পাশাপাশি প্রসূতি মায়েদের জন্য রাজ্যের অতিরিক্ত আর্থিক সহায়তার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের নতুন নাম পশ্চিমবঙ্গ আবাস করার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে।
রাজ্যের শিল্পায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ১৯ অগাস্ট আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী এক মাসের মধ্যে বড় সংখ্যায় শিল্পের জমি হস্তান্তর করা হবে। এর জন্য পৃথক একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।

Be the first to comment