নিজস্ব প্রতিবেদক, কৃষ্ণনগর:
১৫ দফা দাবিকে সামনে রেখে বাম শ্রমিক সংগঠনগুলির ডাকে আইন অমান্য ও জেল ভরো আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর। সোমবার কৃষ্ণনগরে জেলা প্রশাসন দপ্তর অভিযানের কর্মসূচি ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।
এদিন বিভিন্ন বাম শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল করে জেলা প্রশাসন দপ্তরের দিকে এগিয়ে যান। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবির সমর্থনে পতাকা ও প্ল্যাকার্ড। প্রশাসনিক দপ্তরের কাছে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি শুরু হয়।

আন্দোলনকারীদের দাবি, শ্রমিকদের স্বার্থরক্ষা, কর্মসংস্থান, ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা-সহ মোট ১৫ দফা দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রের শ্রমনীতি ও শ্রমিকস্বার্থ বিরোধী বিভিন্ন সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান তাঁরা।
পুলিশের বাধার মুখে বেশ কিছুক্ষণ ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের টানাপোড়েন চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা আইন অমান্য করে গ্রেফতার বরণের প্রস্তুতিও নেন।

ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসন দপ্তর চত্বর এবং সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৫ দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি।

Be the first to comment