রোজদিন ডেস্ক :
সাবেক তৃণমূলের হয়ে দুজনেই জয়ী হয়েছিলেন। পালাবদলের পর সাংসদ স্বামী জগদীশ বসুনিয়া যোগ দিয়েছেন এনসিপিআই এ, বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় গেছেন ঋতব্রত শিবিরে। তা সত্বেও কোচবিহারের সিতাই এ স্থানীয় মানুষের তুমুল বিক্ষোভে নিজেদের বাড়ি ফিরতে পারেন নি দম্পতি। সোমবার গভীর রাতে পুলিশি প্রহরায় তাঁরা নিজেদের বাড়ি এসেছিলেন। সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জন তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। আসে আরও পুলিশ। কিন্তু বিক্ষোভ কমা তো দূরস্থান, ক্রমেই তা বাড়তে থাকে। আরও অশান্তির আশঙ্কায় রাত দুটোর সময় কার্যত বাধ্য হয়েই নিজেদের বাড়ি থেকে চলে যান সাংসদ – বিধায়ক দম্পতি। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের পর মাত্র একবারই তাঁদের এলাকায় দেখা গেছিল।। তাঁদের বিরুদ্ধে কারা এই রকম তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন, তা এখনও পরিস্কার নয়। কোন পতাকা ছাড়াই স্থানীয় মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছেন।
কোচবিহারে একমাত্র সিতাই কেন্দ্রে সাবেক তৃণমূলের টিকিটে জয়ী হন সঙ্গীতা রায়। কিন্তু তিনি এখন অবধি এলাকায় থাকতেই পারছেন না।
সাংসদ জগদীশ বসুনিয়া জানান, প্রয়োজনীয় কাগজপত্র নিতে গতকাল গভীর রাতে বাড়ি গেছিলেন। যেভাবে বিক্ষোভ হয়, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ই তাঁরা চলে এসেছেন।

Be the first to comment