প্রতিবেদন: বন্যায় ভাসছে গোটা অসম। এই ভয়াবহ পরিস্থিতিতে অসমের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসম সরকারকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। অসমেও বহু বাঙালি বাস করেন। পশ্চিমবঙ্গের সঙ্গে অসমের আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকার, অসম সরকার এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধার কাজে এগিয়ে এসেছে। কয়েকটি রাজ্যও অসমকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকারও মানবিক দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরপরই তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসমকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন। খুব শীঘ্রই এই টাকা অসমের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, বিপদের সময় ভৌগলিক সীমানা নয়, মানবিকতাই সবচেয়ে বড় পরিচয়। সেই মানবিকতার পরিচয়ই রাখল পশ্চিমবঙ্গ।

Be the first to comment