INDEPENDENCE DAY: স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথম গাওয়া হল “বন্দে মাতরম”

Spread the love

প্রতিবেদন: আজ শনিবার, ১৫ অগাস্ট। আরও একটা স্বাধীনতা দিবস (Independence Day)। এই উপলক্ষে চেরাচরিত প্রথা মেনে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্টরা। এবারই স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে প্রথা ভেঙে মঞ্চে গাওয়া হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বন্দে মাতরম” গান। অনুষ্ঠানের শুরুতে গাওয়া হয় বন্দে মাতরম। উল্লেখ করা যেতে পারে এবছরই ১৫০ বছর পূর্ণ করেছে বন্দে মাতরম। গোটা দেশে সারা বছর ধরে পালিত হচ্ছে এই উৎসব। শেষে যথারীতি ছিল “জনগণমন” বা জাতীয় সঙ্গীত।

এর আগে এদিন সকালেই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী। ইংরাজি ও হিন্দিতে করা পোস্টে তিনি লেখেন—
“স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।

যেসব অগণিত স্বাধীনতা সংগ্রামীর সাহস, আত্মত্যাগ এবং অটল প্রতিশ্রুতি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়েছে, আমরা কৃতজ্ঞতার সঙ্গে তাঁদের স্মরণ করছি। তাঁদের স্বপ্নই আজও আমাদের অনুপ্রাণিত করে, যখন আমরা একসঙ্গে একটি ‘বিকশিত ভারত’ গড়ে তোলার কাজে ব্রতী।

১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে বলীয়ান হয়ে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনগুলিতে এই অগ্রগতি আরও দ্রুত গতিতে এগিয়ে চলুক, এই কামনাই করি।”

এদিন এই নিয়ে ১৩তম বার লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন নরেন্দ্র মোদি। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তাঁর সরকারের আমলে গত ১৩ বছরে বিভিন্ন ক্ষেত্রে দেশের অগ্রগতির খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*