প্রতিবেদন: অনলাইনে নানা সমস্যা। কারও ফোন, কারও নেট কানেকশন। তাই নিয়ে আম জনতার আতঙ্ক। এই পরিস্থিতিতে এলপিজির ই-কেওয়াইসির সময়সীমা (LPG-E-KYC Deadline) বাড়াতে চলেছে কেন্দ্র। পূর্ব ঘোষণা মতো আগামীকাল ১৬ অগাস্ট এই সময় সীমা শেষ হওয়ার কথা। কিন্তু এবার সেই সময়সীমার মেয়াদ বাড়াতে চলেছে কেন্দ্র। সর্বশেষ খবর, ১৬ থেকে ২৩ অগাস্ট করা হচ্ছে সময়সীমা। কিন্তু ই-কেওয়াইসি পূরণ না করলে গ্যাসের ভরতুকি মিলবে না, জানিয়ে দিয়েছে কেন্দ্র। এই অবস্থায় গত কয়েকদিন ধরে প্রতিটি পরিষেবা কেন্দ্রে লম্বা লাইন। সেখানেও কখনও সংযোগ বিভ্রাটে থমকে যাচ্ছে কাজ। সব মিলিয়ে বিষয়টি নিয়ে চরম নাজেহাল আম জনতা। এরই মধ্যে আজ ১৫ অগাস্ট এর জন্য এলপিজি ডিস্ট্রিবিউটরদের আশ্বাস, ছুটির দিনেও দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে। তবে সবমিলিয়ে এই কাজে যা গতি তাতে রবিবারের মধ্যে যে সবার কেওয়াইসি আপডেট হবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Be the first to comment