পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রামপুরহাটে প্রশাসনিক বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দুঃখজনক।’ তার পরেই আশিসের বাড়িতে পৌঁছে যান শুভেন্দু। আশিসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশে থাকার আশ্বাস দেন তিনি।
  2. দেউচা পাচামি নিয়ে রোডম্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূমে প্রশাসনিক বৈঠকের পরে তিনি বলেন, ‘এই নিয়ে এখন কিছু বলব না। রোডম্যাপ তৈরি করে আপনাদের জানাব।’ দেউচা পাচামি নিয়ে তৃণমূল জমানায় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করলেন তিনি।
  3. সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ‘বাবুয়া’ বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ‘বাবুয়া দুপুরে ঘুম থেকে ওঠেন, তাই তাঁর মাথা ভার থাকে, বিরক্তি কাজ করে এবং অন্যের কথা শুনতেও পারেন না।’
  4. বাঁকুড়ার রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট করলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি জানান, সরকারের লক্ষ্য হলো রেশনিং ব্যবস্থার মাধ্যমে মানুষ সঠিক ভাবে খাদ্যশস্য পাচ্ছে কিনা তা দেখা। আদিবাসীদের সঙ্গে কথাও বলেন তিনি।
  5. তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো হেস্টিংস থানায়। শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমর্থকদের উস্কানি দেন বলে অভিযোগ। সেই ঘটনাকে কেন্দ্র করেই মামলা রুজু করা হয়েছে।
  6. কালনার তালবোনায় রাধাগোবিন্দ মন্দিরে দুঃসাহসিক চুরি। মন্দিরের প্রণামী বাক্স ভেঙে ভেতরের সমস্ত নগদ টাকা লুট করে চম্পট দিয়েছে দুষ্কৃতী। সিসিটিভিতে অভিযুক্তের টাকা গোনার দৃশ্যও ধরা পড়েছে বলে দাবি স্থানীয়দের।
  7. রামপুরহাটে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা বললেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। বীরভূম পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।
  8. মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুধু অগস্ট মাসে ৮৯ শিশুর মৃত্যু নিয়ে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। তার কারণ অনুসন্ধানে হাসপাতাল পরিদর্শনে গেল স্বাস্থ্য দপ্তর গঠিত বিশেষজ্ঞ কমিটি।
  9. চেয়ারম্যান প্রলয় আচার্য জানিয়েছেন, শিশু মৃত্যুর পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো অপুষ্টি। পাশাপাশি জন্মের পর শ্বাসকষ্ট, হৃদরোগ, জন্ডিস এবং কম ওজনের মতো সমস্যার কারণেও অনেক শিশুর মৃত্যু হয়েছে।
  10. বহুতলে রং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, তার ছিঁড়ে মৃত্যু দুই নির্মাণকর্মীর। মধ্যমগ্রামে নির্মীয়মাণ বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
  11. হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো যুবকের। শুক্রবার গভীর রাতে পাঁচ তলার ছাদ থেকে নীচে পড়ে যান যুবক। রক্তাক্ত অবস্থায় আবাসনের নীচে পড়ে থাকতে দেখা যায় তাঁকে। উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম স্বরূপ নন্দ সাহু।
  12. প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হলো মোবাইল। বাজেয়াপ্ত করা হয়েছে কার্ড রিডার, ওটিজি কেবল, জোড়া স্মার্টফোন, আইফোন। যাববজ্জীবন কারাদণ্ড ভোগ করছে আফতাব। তার সেল থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  13. নেপাল থেকে ফিরলেন তামিলনাড়ুর ২১ জন তীর্থযাত্রী। শনিবার সকালে চেন্নাই বিমানবন্দরে পা রাখেন তাঁরা। আতঙ্কের রেশ এখনও কাটেনি। চোখেমুখে ভয়, উদ্বেগ। বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন বিজয় ভুবনেশ্বরী। তিনি বললেন, ‘আমাদের দ্বিতীয় জন্ম হয়েছে।’
  14. ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড দিল্লি ও সংলগ্ন এলাকাতে কমপ্রেসড ন্যাচরাল গ্যাস বা সিএনজি-র দাম কেজি প্রতি ৩ টাকা ৮৯ পয়সা করে বাড়ানো হয়েছে। এবার থেকে সিএনজির দাম পড়বে ৯৫ টাকা ৫৯ পয়সা। আজ,  ২৯ অগস্ট ভোর ৬টা থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে।
  15. বিপর্যস্ত নেপালকে ফের সতর্ক করল চিন। তারা জানিয়েছে, ভয়াবহ হড়পা বানে লেন্ডে নদীর অববাহিকায় তৈরি হওয়া হ্রদের পাড় যে কোনও সময় ভেঙে পড়তে পারে। তবে এতে বড় কোনও ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেছে চিন। দাবি, হ্রদের পাড় ভেঙে গেলেও জলের সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*