রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের পর থেকে বেতন না পাওয়ায় সমস্যায় ভুগছিলেন একাধিক জেলার চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা ডিইও-রা। অবশেষে সেই জট কাটাতে ৬,৬১২ জন ডিইও-র জুলাই মাসের পারিশ্রমিক বাবদ ১১ কোটি ২২ লক্ষ ৩২ হাজার ৮৮ টাকা বরাদ্দ করল রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা পিএআর দফতর এই সংক্রান্ত বরাদ্দের নির্দেশ জারি করেছে। ওই নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক ডিইও-র বর্তমান মাসিক পারিশ্রমিক ১৬,৯৭৪ টাকা। সেই হিসেবে মোট ১১,২২,৩২,০৮৮ টাকা বরাদ্দ করা হয়েছে। এই অর্থ সংশ্লিষ্ট জেলাশাসক এবং কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল সেক্রেটারির মাধ্যমে বিলি করা হবে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, এই অর্থ শুধুমাত্র ডিইও-দের পারিশ্রমিক মেটানোর কাজেই ব্যবহার করা যাবে। অন্য কোনও খাতে তা খরচ করা যাবে না। পশ্চিমবঙ্গ ফিনান্সিয়াল রুলস এবং রাজ্য সরকারের প্রযোজ্য নির্দেশিকা মেনেই বিল প্রস্তুত ও টাকা ছাড়তে হবে। এই বরাদ্দের আওতায় কলকাতা-সহ রাজ্যের ২২টি জেলার জেলাশাসকের দফতর রয়েছে। ২০২৪ সালে জারি হওয়া পিএআর দফতরের নির্দেশ অনুসারে এই অর্থ বরাদ্দ করা হয়েছে বলেই জানানো হয়েছে।

Be the first to comment