রোজদিন ডেস্ক :
রাজস্থানের জয়পুরের কারধানিতে স্ত্রী-সহ তিন তরুণী কন্যাকে হত্যা করে (Gruesome Murder In Rajasthan) উধাও এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, রাহুল ঝাঁ, তাঁর স্ত্রী লক্ষ্মী ঝাঁ, তিন কন্যা ও অশীতিপর বাবা লক্ষ্মীনাথ ঝাঁ-কে নিয়ে ওই বাড়িতে থাকতেন। গত বৃহস্পতিবার সকালে রাহুল ঝাঁ তার তিন তরুণী কন্যা (বয়স ১৭ থেকে ২৪) ও স্ত্রী-কে হত্যা করে উধাও হন বলে পুলিশের অনুমান। অশীতিপর লক্ষ্মীনাথ ঝাঁ বেশ কিছুক্ষণ কার ও সাড়া না পেয়ে পাশের ঘরে গিয়ে পুত্রবধূ, তিন নাতনিকে রক্তাক্ত অবস্থায় দেখে আর্তনাদ করেন। প্রতিবেশীরা এসে ভয়াবহ এই ঘটনা দেখে পুলিশে খবর দেন। বাড়িতে রাহুল ঝাঁকে পাওয়া যায়নি। বৃদ্ধ লক্ষ্মীনাথ ঝাঁ কানে কম শোনায় তিনি কোনও আওয়াজ শুনতে পাননি বলে পুলিশের অনুমান। পরন্তু ছেলে রাহুল তাঁকে চা বানিয়ে দিয়েছে বলে জানান।
রাহুল বেপাত্তা থাকায় তিনিই স্ত্রী, তিন কন্যাকে হত্যা করে উধাও হয়েছেন বলে পুলিশ মনে করছে। তাঁর খোঁজ করছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা। এলাকায় শোকের ছায়া নেমেছে।

Be the first to comment