NEPAL FLASH FLOOD – সর্বাত্মক চেষ্টা করছে সরকার

নেপালে নিখোঁজদের পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক: নেপালের সাম্প্রতিক দূর্যোগে নিখোঁজ এই রাজ্যের বাসিন্দাদের খোঁজে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বুধবার তাদের পরিবারদের এমনই আশ্বাস দিল রাজ্য সরকার। এদিন, নবান্নে নিখোঁজদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থা ‘চলো যাই’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে তিনি জানান, কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধার ও অনুসন্ধানের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি সূত্রের খবর, বৈঠকে নিখোঁজদের পরিবারের সদস্যরা একটি বেসরকারি সূত্রে পাওয়া তথ্যের উল্লেখ করে দাবি করেন, বিপর্যয়ের আগে কয়েক জন নিখোঁজ ব্যক্তি চিন সীমান্ত সংলগ্ন একটি নিরাপদ এলাকায় পৌঁছেছিলেন। সেই তথ্যের সত্যতা যাচাই এবং বিদেশ মন্ত্রকের মাধ্যমে চিন সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগের আবেদন জানান তাঁরা। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার ব্যবস্থাও করার আর্জি জানান পরিবারের সদস্যরা। নিখোঁজদের সন্ধানে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপও দাবি করা হয়।।বৈঠকের পর সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে। সূত্রের খবর, নিখোঁজদের পরিবারগুলির জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি দু’ধরনের সহায়তা পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর্থিক সঙ্কটে থাকা একটি পরিবারকে নিজের এক মাসের বেতন দেওয়ারও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যেসব পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য এখনও নিখোঁজ, তাদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করে চাকরির সুযোগ দেওয়ার বিষয়েও ভাবনাচিন্তা চলছে বলে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে। নিখোঁজদের পরিবারের সঙ্গে প্রশাসনের নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*