রোজদিন ডেস্ক :
এক বছর আগে তাঁর ভোটার তালিকায় নাম তোলা নিয়ে এফআইআর দায়েরের আর্জি খারিজ হয়েছিল দিল্লির রাউস এভেনিউ আদালতে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া তা খারিজ করলে স্বস্তি পায় গান্ধী পরিবার। আজ ফের এই নিয়ে চাপে পড়লেন তাঁরা। দ্বারকার বিশেষ আদালতের বিচারপতি বিশাল গোগনে রাউস এভেনিউ আদালতের রায়কে যুক্তিহীন ও ত্রুটিপূর্ণ বলে বাতিল করেছেন।
সোনিয়া গান্ধী ভারতের নাগরিক হওয়ার আগে পারিবারিক প্রভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত (Name in voter list) করার অভিযোগ নিয়ে রাউস এভেনিউ আদালতে এই মামলা দায়ের হয়েছিল। এই অভিযোগের উপযুক্ত প্রমাণ নেই বলে গত বছর রাউস এভেনিউ আদালতে তা খারিজ হয়ে যায়।
এই অভিযোগের তদন্তের আবেদন খতিয়ে দেখার জন্য আগামী ২৯ সেপ্টেম্বর থেকে বিশেষ আদালতে শুনানি শুরু হবে। এই বিষয়ে প্রথম অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অমিত মালব্য।
তাঁর বক্তব্য ছিল, ১৯৮০ সালে সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেও তিনি ১৯৮৩ সালে ভারতীয় নাগরিক হন। এর আগে পর্যন্ত তিনি ইতালির নাগরিক ছিলেন বলে বিজেপি নেতার অভিযোগ। নিজের দাবির সমর্থনে বেশ কিছু নথিও সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তিনি।
এর জের টেনে দিল্লির আইনজীবী বিকাশ ত্রিপাঠির হয়ে তাঁর আইনজীবী পবন নারাং রাউস এভেনিউ আদালতে মামলা দায়ের করেন।
কংগ্রেস একে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করে।

Be the first to comment